সারাদেশ

রাতে আওয়ামী লীগ পরিচয়ে আটক, দিনে বিএনপি নেতা পরিচয়ে ছাড়া পেলেন বদু

রকুমিল্লার দেবিদ্বারে পুলিশের বিশেষ অভিযানে বদিউল আলম বদু (৫৫) নামে এক ব্যক্তিকে রাতে আওয়ামী লীগ নেতা পরিচয়ে গ্রেপ্তারের পর পরদিন সকালে বিএনপি নেতা পরিচয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৭ নভেম্বর) দিবাগত রাতে রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দেবিদ্বারের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালায় পুলিশ। এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে আটক করা হয়। তাদের মধ্যে দেবিদ্বার পৌর এলাকার দক্ষিণ ভিংলাবাড়ি গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে বদিউল আলম বদুও ছিলেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, বদিউল আলম বদু অতীতে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে মিছিল-সমাবেশেও তাকে দেখা গেছে, যার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে। তার ছেলে জামির হোসেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এবং গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক রুবেল হত্যা মামলার ৫৩ নম্বর এজাহারভুক্ত আসামি। সাম্প্রতিক সময়ে বদু নিজেকে বিএনপি নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন।

এ বিষয়ে জানতে দেবিদ্বার থানার ওসি মোহাম্মদ ইয়াছিনের বলেন, তিনি বর্তমানে ওর্য়াড বিএনপির কমিটিতে রয়েছেন। বিএনপি নেতা হওয়াতে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছি। তবে তার ছেলে স্বেচ্ছাসেবক লীগের নেতা।

অন্যদিকে দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেলের সিনিয়র এএসপি মো. শাহীন বলেন, ‘পর্যাপ্ত প্রমাণ না থাকায় তদন্ত কর্মকর্তা তাকে ছেড়ে দিতে পারেন। অভিযোগ থাকলে আবারও গ্রেপ্তার করা হবে। এতে বড় কোনো সমস্যা নেই।’

নিউজ ডেস্ক:

Leave a Reply