সারাদেশ

রেলসেতুর নাট খুলে নিয়েছে ‘চোর’, পরিবর্তে বসলো বাঁশের কঞ্চি

ঈশ্বরদী-ঢাকা রেলপথে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর রেলওয়ে স্টেশনের পশ্চিমে দহকুলা রেল সেতুর উপরে স্লিপার ও রেল সংযোগ থেকে নাট চুরির অভিযোগ করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, নাট চুরির পর ওই সেতুর অন্তত ২৫ স্থানে দেওয়া হয়েছে বাঁশের কঞ্চি। এতে ওই সেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচলে চরম ঝুঁকি সৃষ্টি হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঈশ্বরদী-ঢাকা রেলপথের এই সেতুর উপর দিয়ে প্রতিদিন রাজধানী ঢাকার সঙ্গে পশ্চিম ও দক্ষিণাঞ্চলের অন্তত ২৮টি আন্তঃনগর ও মেইল ট্রেন চলাচল করে।

সংশ্লিষ্ট এলাকার কৈবর্তগাঁতী, লাহিড়ী মোহনপুর ও দহকুলা গ্রামের লোকজন জানান, স্থানীয় কিছু ছিচকে চোর মাদক সেবনের টাকা যোগাড়ের জন্য রাতের অন্ধকারে ওই রেল সেতু ও তার দুই পাশের রেলপথের নাট বল্টু ও ফিসপ্লেট চুরি করে বিক্রি করে দেয়। সেখানে প্রায় চুরির ঘটনা ঘটে। তারাই দহকুলা রেল ব্রিজের উপরের রেল ও স্লিপারের সংযোগ স্থলের নাট বল্টু চুরি করেছে বলে তাদের ধারণা।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, রেলপথ মেরামতে নিয়োজিত কর্মীরা চুরি যাওয়া নাট বল্টুর স্থলে বাঁশের কঞ্চি ব্যবহার করে ট্রেন চলাচল করাচ্ছেন। আর এতে চরম ঝুঁকি নিয়ে এই পথে হাজার হাজার যাত্রী নিয়ে ট্রেন চলাচল করছে।

কৈবর্তগাঁতী গ্রামের আবু হুরাইরা বলেন, রেল সেতুর উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় সেতুর উপর অন্তত ২৫ স্থানে রেল ও স্লিপারের সংযোগ স্থলে লোহার নাট বল্টুর পরিবর্তে বাঁশের কঞ্চি লাগানো দেখতে পেয়েছি। প্রায় ১০০ ফুট লম্বা সেতুটি এখন ট্রেন চলাচলের জন্য মারাত্মক ঝুঁকিতে রয়েছে। যাচাই করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।

স্থানীয়দের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে পশ্চিম রেলওয়ের পাকশি বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) লিয়াকত শরীফ খান বলেন, নাটের বদলে বাঁশের কঞ্চি থাকার বিষয়টি আমি অবগত নয়। ঘটনাস্থলে লোক পাঠিয়ে এ ব্যাপারে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

নিউজ ডেস্ক:

Leave a Reply