হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে যৌথবাহিনির অভিযানে ৯ দালালকে আটক করেছে র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্প। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
আটককৃতরা হলেন— বানিয়াচং উপজেলার কান্দিপাড়া গ্রামের প্রশন্ন দাসের ছেলে অশিত দাশ (৪০), সদর উপজেলার পইল গ্রামের আরজ আলীর ছেলে রমিজ আলী রনি (২৭), হবিগঞ্জ শহরের আনন্তপুর এলাকার আইদু শাহ’র ছেলে মো. কামাল শাহ (২৫), আনন্দপুর এলাকার আকল আলীর ছেলে আসাদুজ্জামান রিপন (৪৩), সুনামগঞ্জ জেলার হাতিয়া গ্রামের হরুফ মিয়ার ছেলে কাউছার (৩০), বানিয়াচং উপজেলার সতমুখা গ্রামের মজর আলীর ছেলে বিলু মিয়া (৪২), চুনারুঘাট উপজেলার ফুলগাঁও গ্রামের বেলাল মিয়ার ছেলে আব্দুল খালেক মিয়া (২৭), আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের নিকুঞ্জ ঘোষের ছেলে নিতু ঘোষ (৩৫) এবং সদর উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের নিখিল রায়ের ছেলে সৌরভ রায় (২২)।
অভিযান শেষে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসিন মিয়া ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দালালদের কারাদণ্ড দেন।
র্যাব-৯ শায়েস্তাগঞ্জ কোম্পানি কমান্ডার শাহ আলম বলেন, “দীর্ঘদিন ধরে হবিগঞ্জ সদর হাসপাতাল এলাকায় দালাল চক্রের উপদ্রব বেড়েছে। এদের খপ্পরে পড়ে সাধারণ মানুষ নিঃস্ব হচ্ছেন। বিষয়টি নজরে এলে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে।”
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসিন মিয়া জানান, “গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা হবিগঞ্জ সদর হাসপাতালে অভিযান চালায়। এ সময় নয়জন দালালকে আটক করা হয়, যারা সরকারি হাসপাতাল থেকে রোগীদের প্রলোভন দেখিয়ে বেসরকারি হাসপাতালে নিয়ে যেত।”






