রাজধানীর মিরপুর ১১ নম্বরের কালশী রোডে অবস্থিত বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টারের ওপরের তলায় একটি গার্মেন্টসে শুক্রবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে হঠাৎ করেই গার্মেন্টসের ভেতর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে এবং দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ দেড় ঘণ্টার চেষ্টার পর রাত প্রায় ১২টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ঘটনার সময় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।






