দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এক সফল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৩ জন চোরাচালানীকে আটক করেছে। এ সময় ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১২ হাজার ১৮০ টাকা।
বিজিবির সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল উপজেলার কাকমারাছড়া বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় আজ রবিবার (২০ অক্টোবর) সকালে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পরে সকাল ১০টা ৩০ মিনিটে জাম্বুরাছড়া এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন প্রকার পণ্যসহ ৩ জন চোরাচালানীকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন — সাগর বৈষ্ণব (২২), হিমেল দাস (২৩) ও রাজন চৌধুরী (২১)। তারা সবাই সুনামগঞ্জ জেলার দিরাই ও শাল্লা উপজেলার বাসিন্দা।
হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে হবিগঞ্জ বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। জনগণের মাঝে স্বস্তি ফিরিয়ে আনতে এবং সীমান্ত অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।”
জব্দকৃত পণ্য ও আটক আসামীদের আইনানুগ প্রক্রিয়ায় শ্রীমঙ্গল থানায় সোপর্দ করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট চোরাচালান চক্রকে শনাক্ত ও দমন করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
বিজিবি সীমান্তবর্তী জনগণকে মাদক ও চোরাচালান বিরোধী সামাজিক আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।






