বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫ এর উদ্যোগে রাজধানীর মতিঝিলস্থ কেন্দ্রীয় কার্যালয়ের হল রুমে সোমবার সকালে এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের চার দফা দাবিনামা ঘোষণা করা হয়, যেখানে কর্মচারীদের অধিকার, কর্মপরিবেশ উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের দাবি উঠে আসে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হমায়ূন কবির খান। সভা উদ্বোধন করেন আনোয়ার হোসাইন, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল (কেন্দ্রীয় কমিটি) এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নূরুল ইসলাম খান নাসিম, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল (কেন্দ্রীয় কমিটি
বিশিষ্ট অতিথিদের উপস্থিতি সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক এমপ্লয়ীজ ফেডারেশনের সভাপতি ও শ্রমিক দলের অর্থ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুল করিম মজুমদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু, এবং শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মোঃ সুমন ভূঁইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সংগ্রামী সভাপতি ফয়েজউদ্দিন আহমেদ, এবং সঞ্চালনা করেন বদরুল আলম সবুজ, সদস্য সচিব, শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণ।
৪ দফা দাবিনামা
প্রথম দফা: বকেয়া এক্সগ্রেশিয়া প্রদান, কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুদবিহীন কম্পিউটার ও মোটরসাইকেল ঋণ চালু, ছুটির দিনে ড্রাইভারদের অতিরিক্ত ভাতা, এবং ক্যাশ দায়িত্বে থাকা কর্মীদের রিস্ক অ্যালাউন্স প্রদান।
দ্বিতীয় দফা: অর্গানোগ্রাম অনুযায়ী নিয়োগ ও পদোন্নতি, আউটসোর্সিং বন্ধ, পোষ্য কোটা চালু, ইসলামী মূল্যবোধে ইমাম ও সহকারী ইমাম নিয়োগ এবং সিবিএ প্রতিনিধিত্ব নিশ্চিত করা।
তৃতীয় দফা: গত ১৬ বছর ধরে অবৈধভাবে দায়িত্বে থাকা সিবিএদের বিচার দাবি, নারী কর্মীদের জন্য ড্রেসিং রুম, রেশনিং ব্যবস্থা, আধুনিক স্টাফ বাস ও ডে-কেয়ার সেন্টার স্থাপন।
চতুর্থ দফা: কর্মচারীদের আবাসন সুবিধা নিশ্চিত করতে মিরপুর স্টাফ কলেজ এলাকায় আধুনিক ভবন নির্মাণ, প্রধান কার্যালয়ে ক্যান্টিন স্থাপন, এবং সকল শাখায় মানসম্মত অফিস পরিবেশ ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর দাবি।
বক্তারা বলেন, “বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মচারীরা দেশের কৃষি অর্থনীতির মূল চালিকা শক্তি, কিন্তু তারা দীর্ঘদিন ধরে ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত। তারা অবিলম্বে ৪ দফা দাবিনামা বাস্তবায়ন, কর্মপরিবেশের উন্নয়ন এবং কর্মচারীদের মর্যাদা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
প্রধান অতিথি হমায়ূন কবির খান বলেন, কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে বিএনপি সবসময় শ্রমজীবী মানুষের পাশে থাকবে। কৃষি ব্যাংকের কর্মীরা দেশের খাদ্য নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন—তাদের সম্মান ও অধিকার নিশ্চিত করা সময়ের দাবি।”
সভা শেষে নেতৃবৃন্দ কৃষি ব্যাংকের কর্মচারীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং দাবি বাস্তবায়নে ধারাবাহিক কর্মসূচির ঘোষণা দেন।






