শ্রবণ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ও জাতীয় বধির ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে আজ সকালে রাজধানীতে অনুষ্ঠিত হয় এক তাৎপর্যপূর্ণ স্মারকলিপি প্রদান ও অবস্থান কর্মসূচি।
সকাল ১১টায় ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু হয়। এতে সংগঠনগুলোর নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক শ্রবণ প্রতিবন্ধী সদস্য অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, দেশের বধির জনগোষ্ঠী এখনও মৌলিক অধিকার ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাদের জীবনমান উন্নয়ন ও সামাজিক পুনর্বাসনের জন্য সরকারের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। এ লক্ষ্যেই তারা সাত দফা দাবি উত্থাপন করেন।
উত্থাপিত সাত দফা দাবি:
১. সংগঠনগুলোর জন্য সরকারি জমিতে স্থায়ী কার্যালয় নির্মাণ।
২. অসহায় ও ভবঘুরে বধির সদস্যদের আর্থিক পুনর্বাসন, কর্মসংস্থান ও আবাসনের ব্যবস্থা।
৩. বধির জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা, আইনগত সহায়তা ও সার্বিক সুরক্ষা নিশ্চিত।
৪. ত্রাণ ও খাদ্য সহায়তার আওতায় ভিজিএফ কার্ড, জিআর চাল ও সামগ্রী বিতরণের সুযোগ সৃষ্টি।
৫. স্থানীয় গণপরিবহনে বধিরদের জন্য হাফ ভাড়া প্রবর্তন।
৬. ক্ষুদ্র কুটির শিল্প স্থাপনে তফসিলি ব্যাংকের মাধ্যমে সুদমুক্ত ঋণ প্রদান।
৭. আসন্ন জাতীয় মহাসমাবেশে ১৫ দফা দাবিপত্র প্রধান উপদেষ্টার নিকট হস্তান্তর এবং নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত করা।
আন্দোলনের নেতৃত্ব দেন শ্রবণ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল হোসেন (বধির)। কর্মসূচিতে উপস্থিত বক্তারা সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।






