সারাদেশ

৫৫ বিজিবি’র অভিযানে সীমান্তে মানবপাচার থেকে রক্ষা পেলেন তিন নারী

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি চৌকস টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সীমান্ত অতিক্রমের ঠিক পূর্ব মুহূর্তে তিনজন বাংলাদেশি নারীকে মানবপাচারের হাত থেকে উদ্ধার করেছে। ঘটনাটি ঘটে চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায়।

উদ্ধারকৃত নারীরা হলেন, লাকী বেগম (৪৩),  মীনা দাস (৪৪), প্রাবণী বেগম (৩৮) তিনজনেরই স্থায়ী ঠিকানা মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায়।

বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত নারীরা অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে অপেক্ষমাণ ছিলেন। তবে বিজিবির তৎপরতায় পাচারকারীরা পালিয়ে গেলেও নারীদের উদ্ধার করে নিরাপদে থানায় হস্তান্তর করা হয়। উদ্ধারের সময় নারীদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও নগদ সাত হাজার টাকা জব্দ করা হয়েছে।

এ বিষয়ে চুনারুঘাট থানায় মানবপাচার আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বিজিবি সাধারণ জনগণকে অনুরোধ জানিয়েছে— সীমান্ত এলাকায় কোনো ধরনের সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ড লক্ষ্য করলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে তথ্য জানাতে। মানবপাচার রোধে জনসচেতনতা এবং সামাজিক সহযোগিতাই প্রধান অস্ত্র বলে জানিয়েছে বাহিনীটি।

Leave a Reply