বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশকে চোরাচালান ও মাদকমুক্ত রাখার দৃঢ় অঙ্গীকার নিয়ে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) নিরলস ও আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায়, হবিগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত ৫৫ বিজিবির চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ও সফল অভিযান পরিচালিত হয়েছে।
সম্প্রতি ৫৫ বিজিবি বিভিন্ন সীমান্ত থেকে চোরাই পথে আনা ভারতীয় পণ্য আটক করে। এসব অভিযানে ভারতীয় গাঁজা, ফেনসিডিল, মদ, সিগারেট, শাড়ি, থ্রি-পিস, কসমেটিকস সামগ্রী, হিমায়িত মুরগির মাংস এবং বাইসাইকেল ইত্যাদি পণ্য জব্দ করা হয়।
উদ্ধারকৃত এসব চোরাচালানী পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৪৫ লক্ষ ৬৮ হাজার ৪৫৫ টাকা।
অভিযানের বিস্তারিত
🔹 মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী এলাকা
ভারতীয় মাদক, কসমেটিকস ও কাপড়সহ পণ্য আটক
বাজারমূল্য: প্রায় ৬৩ লক্ষ ৩৬ হাজার ৪২০ টাকা
🔹 হবিগঞ্জ জেলার চুনারুঘাট, গুইমারা ও সাতছড়ি সীমান্ত এলাকা
ভারতীয় মদ, শাড়ি, থ্রি-পিস, বাইসাইকেলসহ পণ্য আটক
বাজারমূল্য: প্রায় ৮২ লক্ষ ১২৫ টাকা
অধিনায়ক ৫৫ বিজিবি লে. কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন
আমাদের মূল লক্ষ্য হচ্ছে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধ করা। দেশের সার্বিক নিরাপত্তা ও সীমান্ত শান্তি বজায় রাখার জন্য আমরা সর্বদা বদ্ধপরিকর। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।”
চলতি সেপ্টেম্বর মাসে ৫৫ বিজিবির সফলতা
চলতি মাসে (সেপ্টেম্বর ২০২৫) এখন পর্যন্ত ৫৫ বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে প্রায় ৭ কোটি ২০ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় পণ্যসামগ্রী, মাদকদ্রব্য ও মানববাহন জব্দ করা হয়েছে।






