সারাদেশ

২৫০ মিটার কাঁচা রাস্তার জন্য ঘুরতে হয় ৭ কিলোমিটার

জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের রোয়াইর-তাউসারা সড়কের মাত্র ২৫০ মিটার কাঁচা অংশ স্থানীয় জনগণের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সড়কটির বাকি সব অংশ পাকা হলেও মাঝখানের এই ছোট্ট কাঁচা অংশটি বর্ষা মৌসুমে কর্দমাক্ত হয়ে চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়ে। ফলে এলাকাবাসীকে বাধ্য হয়ে প্রায় ৭ কিলোমিটার ঘুরে বিকল্প পথে যাতায়াত করতে হচ্ছে।

সরেজমিনে জানা যায়, এই সড়ক দিয়ে প্রতিদিন কালাই ও ক্ষেতলাল উপজেলা শহর ছাড়াও জয়পুরহাট জেলা শহরে যাতায়াত করেন আশপাশের অন্তত ১০টি গ্রামের মানুষ। স্কুল, কলেজ ও মাদ্রাসার শত শত শিক্ষার্থী এই সড়ক ব্যবহার করে থাকেন। বর্ষাকালে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। এমনকি জরুরি রোগী পরিবহনেও মারাত্মক সমস্যা হয়।

রোয়াইর গ্রামের ইউপি সদস্য মোশারফ হোসেন বলেন, আমি বিষয়টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে জানিয়েছি। তিনি জানিয়েছেন, টেন্ডার হয়ে গেছে। কার্যাদেশ পেলেই ঠিকাদার কাজ শুরু করবেন।

বড়তারা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, রাস্তাটির আইডি সংক্রান্ত কিছু জটিলতা থাকায় কাজ শুরু হতে দেরি হয়েছে। এখন সে সমস্যা কেটে গেছে। টেন্ডার সম্পন্ন হয়েছে। দ্রুত কাজ শুরু হবে।

ক্ষেতলাল উপজেলার প্রকৌশলী মো. আব্দুল লতিফ বলেন, টেন্ডার ও অনুমোদন শেষ হয়েছে। তবে চলমান বর্ষা মৌসুমের কারণে কাজ শুরু করতে কিছুটা বিলম্ব হচ্ছে। আবহাওয়া অনুকূলে এলেই দ্রুত কাজ শুরু হবে।

নিউজ ডেস্ক:

Leave a Reply