সারাদেশ

শেরপুর সীমান্ত দিয়ে ২১ রোহিঙ্গা পুশ-ইন করলো বিএসএফ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে ২১ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাতে উপজেলার নাকুগাঁও সীমান্তের ১১১৬ নম্বর সীমান্ত পিলার এলাকা দিয়ে এই পুশ-ইন করা হয়।

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১২টার পর ভারতের কিলাপাড়া বিএসএফ ক্যাম্প থেকে ওই ২১ জন রোহিঙ্গাকে সীমান্ত পার করে বাংলাদেশের নাকুগাঁও এলাকায় পুশ-ইন করা হয়। বিজিবির হাতিপাগাড় ক্যাম্পের আওতাধীন ওই এলাকাতে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে হেফাজতে নেন।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন ৫ জন পুরুষ, ৫ জন নারী ও ১১ জন শিশু। বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সবাই ছয়টি পরিবারের সদস্য এবং ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে কক্সবাজারের উখিয়া বালুখালী শরণার্থী ক্যাম্পে আশ্রয় নিয়েছিলেন। পরবর্তীতে তারা অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতের জম্মু-কাশ্মীরে চলে যান এবং সেখানে বিভিন্ন হোটেল ও বাসাবাড়িতে শ্রমিক হিসেবে কাজ করতেন।

এক মাস আগে ভারতীয় পুলিশের অভিযানে ‘অবৈধ অভিবাসী’ হিসেবে তাদের আটক করা হয়। পরে তারা নিজেদের রোহিঙ্গা বলে পরিচয় দিলে ভারতীয় পুলিশ তাদের বিএসএফের মাধ্যমে সীমান্তে পুশ-ইন করে।

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, আটক রোহিঙ্গাদের পরিচয় যাচাই ও প্রক্রিয়াগত ব্যবস্থা গ্রহণের কাজ চলছে।

নিউজ ডেস্ক:

Leave a Reply