Topজাতীয়

সচিবালয়ের সামনে শিক্ষার্থী-আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া

সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় সাউন্ড গ্রেনেড ছোড়ার শব্দ শোনা গেছে। এ ছাড়া কাঁদানে গ্যাসের শেলও ছোড়া হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

এর আগে বিকেল পৌনে চারটার দিকে শিক্ষার্থীরা ফটক খুলে সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন। এরপর সচিবালয়ের ভেতর পার্কিং অবস্থায় থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

গাড়ি ভাঙচুরের জেরে শিক্ষার্থীদের ওপর চড়াও হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের সচিবালয় থেকে বের করে দেন। এর পর সচিবালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

বিক্ষোভে অংশ নেওয়া একজন শিক্ষার্থী বলেন, গতকাল বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন কলেজের অনেক শিক্ষার্থী মারা গেছে। এমন দুঃখজনক ঘটনার পরও পরীক্ষা স্থগিত করা হয়নি। হঠাৎ করে রাত ৩টার সময় সিদ্ধান্ত নেওয়া হয়। সকালে পরীক্ষা দিতে বের হয়ে জানতে পারি পরীক্ষা স্থগিত হয়েছে। এমন দায়িত্বহীন সিদ্ধান্তের জন্য আমরা শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ চাই।

জানা গেছে, বিক্ষোভে ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। সচিবালয়ের সামনের গেটে বিক্ষোভ বাড়তে থাকায় আগে থেকেই সেখানে মোতায়েন করা হয় সেনাবাহিনী, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যদের।

নিউজ ডেস্ক:

Leave a Reply