কুষ্টিয়ায় বাস ও ট্রাকের সংঘর্ষে রাশেদুল ইসলাম নামে এক ইবি শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত রাশেদুল ইসলাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগের স্নাতক ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায়।
সোমবার (১৬ জুন) সকাল সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া থেকে ক্যাম্পাসে আসার পথে বিত্তিপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। পরে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সহপাঠীরা জানান, রাশেদ রাতের ট্রেনে জয়পুরহাট থেকে পোড়াদহ পর্যন্ত আসেন। পরবর্তীতে সেখান থেকে কুষ্টিয়া যান। সেখান থেকে শ্যামলী পরিবহনে উঠে ক্যাম্পাসের দিকে আসছিলেন। তিনি বাসের ইঞ্জিন কাভারে বসেছিলেন। পরবর্তীতে বিত্তিপাড়া নামক এলাকায় বাসটির সঙ্গে একটি ট্রাকের ধাক্কা লাগে। ইঞ্জিন কাভারে বসার কারণে একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে পরে যান।
রাশেদের সহপাঠী তানভির মাহমুদ জানান, রাশেদের মুখের চোয়াল ভেতরে দুই/তিন খণ্ড হয়ে গেছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে ৷ হাসপাতালে আসা পর্যন্ত জ্ঞান ছিল। পরে প্রায় আধাঘণ্টা পর ডাক্তার পরীক্ষা-নীরিক্ষা করে মৃত ঘোষণা করেন।
সড়ক দুর্ঘটনায় ইবি শিক্ষার্থী রাশেদুলের মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আল মামুন। তিনি বলেন, মরদেহটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।






