জাতীয়রাজনীতি

একজন দেশপ্রেমিক নেতাকে হারালাম: মন্টুর মৃত্যুতে মির্জা ফখরুল

বর্ষীয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, বর্তমান রাজনীতিতে এমন আদর্শবান নেতার বড়ই অভাব, এবং এ ক্ষতি জাতির জন্য অপূরণীয়।

ব্যক্তিগতভাবে তিনি মন্টুকে একজন ‘ঘনিষ্ঠ বন্ধু ও সুহৃদ’ হিসেবেও উল্লেখ করেন।

রোববার (১৫ জুন) সন্ধ্যায় মোস্তফা মোহসীন মন্টুর মৃত্যুর খবর শুনে দ্রুত রাজধানীর স্কয়ার হাসপাতালে ছুটে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের কাছে তিনি তার শোক ও শ্রদ্ধা জানান।

মির্জা ফখরুল বলেন, গণফোরামের সভাপতি হিসেবে নয়, তিনি একজন কিংবদন্তি মুক্তিযোদ্ধা। সত্তরের দশকজুড়ে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে তিনি গভীরভাবে সম্পৃক্ত ছিলেন এবং প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশ নেন।

তিনি আরও স্মরণ করেন, নীতিগত দ্বিমতের কারণে মোস্তফা মোহসীন মন্টু আওয়ামী লীগ থেকে বেরিয়ে আসেন এবং এরপর আর কখনো আপস করেননি।

গণতন্ত্রের প্রতি মন্টুর অটল বিশ্বাস এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে তার অবিচল অবস্থানের কথা বিশেষভাবে উল্লেখ করেন বিএনপি মহাসচিব। তিনি জোর দিয়ে বলেন, আমরা একজন বিশিষ্ট দেশপ্রেমিক নেতাকে হারালাম।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নিউজ ডেস্ক:

Leave a Reply