পাবনা সদর উপজেলায় মোবাইল ফোন চুরির অভিযোগে রাসেল নামের এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে তারই মামাতো ভাইয়েরা। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৪ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার জাফরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাসেল (৩১) জাফরাবাদ এলাকার নজিরুদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে নিহত রাসেলের মামাতো ভাই মকবুলদের বাড়ি থেকে একটি মোবাইল ফোন চুরি হয়। মোবাইল ফোন চুরির জন্য রাসেলকে দোষারোপ করে একই এলাকার তানজিল নামের এক যুবক রাসেলকে মোবাইল ফোন ফেরত দিতে বলে। এতে রাসেল তানজিলকে মারধর করে আহত করে। এরই জেরে তানজিলের স্বজন ও মকবুলের সহযোগীরা রাসেলদের বাড়িতে হামলা চালায় এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে।
তবে এই অভিযোগ অস্বীকার করে নিহত রাসেলের বোন অঞ্জনা খাতুন বলেন, তাদের এলাকার পরিত্যাক্ত একটি সেমাই কারখানার কলা কাটাকে কেন্দ্র করে তার ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে।






