অবশেষে মাজারকাণ্ডে আলোচিত নাট্যকার সমু চৌধুরী ফিরে গেলেন পরিবারের কাছে।
বৃহস্পতিবার (১২ জুন) রাত সাড়ে ৩টার দিকে পুলিশ তাকে তার পরিবারের হস্তান্তর করে।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম এতথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাতে সমু চৌধুরীকে তার খালাত ভাই মো. অপু চৌধুরীর কাছে হস্তান্তর করেছি। এসময় অভিনয়শিল্পী সংঘের কয়েকজন তার সঙ্গে ছিলেন।
এর আগে বুধবার (১১ জুন) রাত ৯টার দিকে ঢাকা থেকে এক মোটরসাইকেল রাইডারের মাধ্যমে উপজেলার পাগলা থানাধীন মশাখালী ইউনিয়নে অবস্থিত মুখী শাহ্ মিসকিনের মাজারে আসেন সমু চৌধুরী। পরদিন বৃহস্পতিবার বিকেলে মাজারের পাশে একটি গাছের নিচে পাটি বিছিয়ে সমু চৌধুরীর শুয়ে থাকার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে প্রথমে খালি গায়ে ও গামছাপরিহিত অবস্থায় তাকে দেখা যায়। পরে অবশ্য ট্রাউজার ও গেঞ্জি পরা অবস্থায় উপস্থিত স্থানীয় লোকজন ও পুলিশের সামনে তাকে কথা বলতে শোনা যায়।
এদিকে সমু চৌধুরীকে এমন অবস্থায় দেখতে পেয়ে সেখানে ভিড় করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিকেল গাড়িয়ে সন্ধ্যা হলে পুলিশের অনুরোধেও থানায় যাননি সমু চৌধুরী। সন্ধ্যার পর লোকজন আরও বাড়তে থাকে। এমন পরিস্থিতিতে পুলিশের পাশাপাশি মাজার প্রাঙ্গণে সেনাবাহিনী অবস্থান নেয়। এসময় সমু চৌধুরী জানান, তিনি সুস্থ আছেন। সারা রাত মাজারে ধ্যানে ছিলেন।






