জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে চট্টগ্রামের সরকারি কমার্স কলেজে ছাত্রদল ও ছাত্রশিবির নেতাকর্মীদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
শনিবার (৩১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে কলেজে আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ছাত্রশিবিরের দাবি, ছাত্রদলের নেতাকর্মীরা হেল্পডেস্কে শিবিরের কর্মীদের ওপর হামলা চালায়। যদিও অভিযোগটি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন ছাত্রদলের নেতারা। তারা বলছেন, ‘ছাত্রদল ধর’ বলে আওয়াজ তুলে আক্রমণের চেষ্টা করা হয়েছে। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম হোসেন রনি কালবেলাকে বলেন, জাতীয় বিশ্বিবদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপলক্ষে আমাদের ভাইয়েরা ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকদের বসার জন্য হেল্প ডেস্ক বসিয়েছিল। ছাত্রদলের নেতাকর্মীরা এসে বাধা দিয়েছে। আমরা তাদেরকে বলি- এটা তো শিক্ষার্থীবান্ধব কর্মসূচি। আপনাদের কর্মসূচি আপনারা পালন করেন। তখন তারা বাধা দেয়। একপর্যায়ে তারা তেড়ে গিয়ে আমাদের চারজন ভাইকে মারে।






