যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির (ডিওজিই) প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন প্রযুক্তি ও মহাকাশ উদ্যোক্তা ইলন মাস্ক। তিনি জানালেন, এ কাজে তার মেয়াদ শেষ হয়েছে।
টেসলা ও স্পেসএক্স প্রধান মাস্ক এক বিবৃতিতে বলেন, সরকারি অপচয় রোধের সুযোগ দেওয়ার জন্য আমি প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাই। তিনি আশা প্রকাশ করেন, ডিওজিই মিশন ভবিষ্যতে সরকারের একটি জীবনধারা হয়ে উঠবে।
এ ঘোষণার আগের দিনই মাস্ক প্রথমবারের মতো প্রকাশ্যে ট্রাম্পের সমালোচনা করেন। প্রেসিডেন্টের নতুন ব্যয়বহুল বিলের প্রসঙ্গে মাস্ক বলেন, একটি বিল বড় হতে পারে, সুন্দর হতে পারে; কিন্তু দুটো একসঙ্গে হওয়া কঠিন। এটা আমার ব্যক্তিগত মত।
ট্রাম্পের ২০২৪ সালের নির্বাচনী প্রচারণার সবচেয়ে বড় দাতাদের একজন ছিলেন মাস্ক। নির্বাচনের আগে বিভিন্ন অনুষ্ঠানে তিনি ট্রাম্পের পাশে ছিলেন এবং নির্বাচনে জয় পাওয়ার পর ট্রাম্পও মাস্ককে ‘একজন নতুন তারকা’ হিসেবে আখ্যায়িত করেন।






