জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, পতিত আওয়ামী লীগ এর আগে গণতন্ত্রকে উন্নয়নের মুখোমুখি দাঁড় করেছিল। আর এখন নির্বাচনকে সংস্কারের মুখোমুখি দাঁড় করিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারকে বলব, আপনারা অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুন। পরিবর্তিত পরিস্থিতিতে মানুষ এখন ভোট দিতে উন্মুখ হয়ে রয়েছে।
বুধবার (২৮ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা, ফরিদপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের সমন্বয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে তিনি এসব কথা বলেন।
নয়ন বলেন, গণঅভ্যুত্থানের হাজারো শহীদের আত্মত্যাগ বৃথা যেতে পারে না। বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে যে গণতান্ত্রিক ব্যবস্থা কায়েমে লড়াই করে যাচ্ছেন, সেই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমেই সব ষড়যন্ত্র মোকাবিলা করে বাংলাদেশ এগিয়ে যাবে।
অন্তর্বর্তী সরকার ও নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, স্বৈরাচারমুক্ত হওয়ার পরে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যখনই আমরা একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কথা বলছি- তারা সংস্কার ও স্বৈরাচারের বিচারের কথা বলে বিভিন্ন অজুহাত দাঁড় করানোর চেষ্টা করেছে। কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো অজুহাত কাজে লাগাতে পারেনি। কারণ, তাদের শক্তি তারা নিজেরা। যদি তারা তাদের নিজেদের চাহিদা পূরণের জন্য অহেতুক নির্বাচন পিছানোর অপচেষ্টা করে, তাহলে বাংলাদেশের জনগণ কখনই তা মেনে নিবে না।






