রিয়াল মাদ্রিদের ইতিহাসে শনিবারের রাতটি এক মোড় ঘোরানো অধ্যায়। লা লিগার শেষ ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ২-০ গোলের জয়ে যেমন উদযাপন হয়েছে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল, তেমনই সান্তিয়াগো বার্নাব্যু কান্নায় বিদায় জানিয়েছে দুই কিংবদন্তি—ম্যানেজার কার্লো আনচেলত্তি ও মিডফিল্ডের জাদুকর লুকা মড্রিচকে।
১৫টি ট্রফির রূপকার, ব্রাজিল যাচ্ছেন আনচেলত্তি

৬৫ বছর বয়সী ইতালিয়ান কোচ আনচেলত্তি বিদায় নিচ্ছেন রিয়ালের ডাগআউট থেকে, এবার গন্তব্য ব্রাজিল জাতীয় দলের ডাগআউট। দুই দফায় ৩৫০টিরও বেশি ম্যাচ পরিচালনা করে রিয়ালের ইতিহাসে অমর হয়ে আছেন তিনি।
তার ঝুলিতে রইল—৩টি চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি ক্লাব বিশ্বকাপ, ২টি লা লিগা, ২টি কোপা দেল রে, ৩টি সুপার কাপ এবং ২টি স্প্যানিশ সুপার কাপ—মোট ১৫টি শিরোপা।







