স্বাস্থ্য

যে ৩ মসলার অতিরিক্ত ব্যবহার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর

প্রতিদিনের রান্নায় ব্যবহৃত পরিচিত তিনটি মসলা—হলুদ, আদা ও দারুচিনি নিয়ে সতর্ক করলেন মার্কিন গবেষকরা। তাদের মতে, এগুলোর অতিরিক্ত ব্যবহার শরীরের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। ইউনিভার্সিটি অব মিসিসিপির সাম্প্রতিক এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। অনেকেই মনে করেন, রান্নাঘরেই সুস্বাস্থ্যের চাবিকাঠি লুকিয়ে আছে।

তবে গবেষকরা বলছেন, যতই প্রাকৃতিক উপাদান হোক না কেন, মাত্রাতিরিক্ত গ্রহণে হতে পারে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি। 

গবেষকদের মতে, হলুদের মূল উপাদান কারকিউমিন। যা এর রং ও গন্ধের জন্য দায়ী। এই উপাদান শরীরে অতিরিক্ত পরিমাণে গেলে লিভারের বিপাকক্রিয়া বাধাগ্রস্ত হয়, ফলে ওষুধের কার্যকারিতা কমে যেতে পারে।

এমনকি অতিরিক্ত হলুদের কারণে লিভার বিকলের ঘটনাও নথিভুক্ত হয়েছে। তবে রান্নায় যে এক চামচ হলুদ ব্যবহৃত হয়, তা নিরাপদ বলেই মত গবেষকদের। 

দারুচিনিতে থাকা সিনামালডিহাইড উপাদানটির জন্যই এর স্বাদ ও গন্ধ। তবে গবেষণা বলছে, বেশি দারুচিনি শরীরে গেলে ওষুধের কাজ ব্যাহত হতে পারে।

ফলে চিকিৎসার ফল মিলতে দেরি হতে পারে বা কমে যেতে পারে ওষুধের প্রভাব। 

আদা সাধারণত পেটের সমস্যা ও ঠাণ্ডা-কাশির জন্য ব্যবহৃত হয়। কিন্তু গবেষকরা জানাচ্ছেন, অতিরিক্ত আদা রক্তচাপ খুব কমিয়ে দিতে পারে, এমনকি হাইপোগ্লাইসোমিয়ার ঝুঁকি বাড়ায়। ডায়াবেটিসের ওষুধ খাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে এটি বিপজ্জনক হতে পারে। পাশাপাশি এটি রক্ত পাতলা করায় সার্জারির আগে বা কেমোথেরাপি চলাকালে সতর্ক থাকা প্রয়োজন।

বিশেষজ্ঞরা বলছেন, যারা নিয়মিত ওষুধ খাচ্ছেন—বিশেষ করে ডায়াবেটিস, হৃদরোগ বা ক্যান্সারের চিকিৎসায়, তাদের এই ধরনের মসলা অতিরিক্ত পরিমাণে খাওয়ার আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত।
নিউজ ডেস্ক:

Leave a Reply