সারাদেশ

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বরিশালের মিথুনের মৃত্যু

পরিবারে সচ্ছলতা ফিরিয়ে এনে স্ত্রী ও বিধবা মায়ের মুখে হাসি ফোটাতে দুই বছর আগে হাজারো স্বপ্ন আর এক বুক আশা নিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন বরিশালের বানারীপাড়া পৌরসভার যুবক মহসিন হোসেন মিথুন (৩৩)। সেখানে একটি কম্পানিতে ভালো বেতনে তার চাকরিও হয়েছিল। স্বপ্ন ছিল গ্রামের বাড়িতে পাকা বাড়ি নির্মাণ করে সেখানে প্রিয়তমা স্ত্রী ও প্রাণপ্রিয় মাকে রাখবেন। একদিন সন্তানের বাবা হবেন।

সন্তানের মুখে আধো আধো কণ্ঠে বাবা ডাক শুনবেন। 

মিথুন বানারীপাড়া ভূমি অফিসের প্রয়াত কর্মচারী মো. হারেস আকনের জ্যেষ্ঠ ছেলে। একসময় ভালো ফুটবল খেলতেন তিনি। সম্প্রতি বাংলাদেশে ছুটি কাটিয়ে কর্মস্থল মালয়েশিয়ায় যান মিথুন।

এক পলকে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মিথুন ও তাকে ঘিরে তার পরিবারের সব স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে গেছে। 

শুক্রবার (১৬ মে) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে মালয়েশিয়ার শাহআলম নামক স্থানে এ ঘটনা ঘটে। বাড়িতে বেতনের টাকা পাঠিয়ে রাস্তা পারাপারের সময় প্রথমে প্রাইভেট কার ও পরে বাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রেমিট্যান্সযোদ্ধা মিথুনের মৃত্যু হয়। মিথুনের এ মর্মান্তিক মৃত্যুর খবরে তার বানারীপাড়ার বাড়িতে শোকের মাতম চলছে।

তার স্ত্রী, মা, ভাই-বোনসহ স্বজনদের কান্না-আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। 

এদিকে তার দুর্ঘটনার দৃশ্যের সিসিটিভি ফুটেজ ফেসবুকে ভাইরাল হয়। ভিডিও দেখে স্বজনদের কষ্ট আরো বেড়ে গেছে। স্বজনদের এখন শুধু অপেক্ষা কখন কফিনবন্দি মিথুনের নিথর মরদেহ দেশে ফিরবে।

নিউজ ডেস্ক:

Leave a Reply